Monday, April 20, 2026

মৃত্যু

 একগুচ্ছ ফুল ছিল, পুড়ে গেছে। কয়েকটি চিঠি, তা ও ।

বাতাসে উড়ছে অগ্নিভুক ধোঁয়া আর ছাই,
সযত্নে গুছিয়ে রাখা সঞ্চয়িতা, প্রভু নষ্ট হয়ে যাই
আর সুনীল গঙ্গোপাধ্যায়, দগ্ধ কাঠ, জল, কাদা
আর কিছু কলাগাছের সাথে মাটিতে লুটোপুটি খাচ্ছে
সেসব আলাদা সময়,
যেন এটা হবেই, কথা ছিল।
মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই শ্বশানপুরী হবে, কথা ছিল।
হয়ে গেছে।
হাতে এখনো পোড়া বইয়ের গন্ধ, শ্বশানপুরীর গন্ধ
বাতাস ছিল না খুব, তবু মৃদু মন্দ
আমি স্পষ্ট বুঝতে পাচ্ছি ,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি , আমার হাতের আঙুলগুলি
পুড়তে শুরু করেছে, তখন থেকেই
আকাশে উড়ছিল লাল অগ্নিশিখা…
বাইরে টা এখন অনেক শান্ত । ঝড় হওয়ার পরে
যেমন হয়, তছনছ অথচ অসম্ভব শান্ত -
ভিতরে এখনো পুড়ছে।
একগুচ্ছ ফুল ছিল, পুড়ে গেছে।আঙুলে ধরে
যাওয়া আগুন এখন আমার মস্তিষ্ক আর দুটো
চোখকে পোড়াচ্ছে। চেতনা থেকে মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে খুব দ্রুত ।

0 comments: