Wednesday, September 16, 2026

কাঁটাতার

আদিগন্ত সবুজ, চায়ের বাগানে ছুঁয়ে যাচ্ছে 

সকালের রোদ, আনমনা হাওয়া

এ দিগন্ত থেকে ওদিগন্তে সবুজের কোলাহল আর

আমি দ্রুতগতিতে ছুটে চলেছি দিগন্তের বিপরীতে

চা বাগানের বুক চিরে কাঁটাতারের বেড়া এফোঁড় ওফোঁড় 

আমার খুব ইচ্ছে ছুটে যাই ওইদিকে, ছুঁয়ে আসি ওদিগন্ত 

দেখে আসি তোমার সবুজ কতটা বেপরোয়া, আমার 

সবুজ খেত খামার, চায়ের বাগান, ধুলোবালি 

অথচ কাঁটাতারের ওপারে তোমার দেশ, আর

                         কাঁটাতারের এপারে আমার 

 

নিকনো উঠোন, খড়ের গাদা আর কাঁঠালগাছের 

সারি, ওই এক্কা দোক্কা খেলা বাচ্চা গঙ্গাফড়িং 

মাচা বেয়ে কচি লাউয়ের ডগা কাঁটাতার পেরিয়ে 

ছুঁয়ে যাচ্ছে তোমার আকাশ, এঘর থেকে ওঘর 

সকালের রোদ্দুরে খেলছে ফিঙে আর ছায়া উঠোন  

আমার খুব ইচ্ছে,  বসে দুদণ্ড জিরিয়ে নিই ওই 

কাঁঠালের ছায়ায় , মাদুর পেতে, বুঝে আসি 

তোমার ছায়া কতটা শীতল, আমার এক কলসি জল 

অথচ কাঁটাতারের ওপারে তোমার দেশ, আর

                         কাঁটাতারের এপারে আমার 

 

অঘ্রানের শেষে সন্ধ্যের ধুপধুনো আর আজানের 

সুর, কুয়াশা হিমের আস্তরণ ঢেকে রাখে 

মহাকালীতলার মাঠ, শিমুল গাছের সারি 

কাঁটাতার পেরিয়ে বনজোছনা ছড়িয়ে পড়ে 

পীরের দরগায়, মেঠোপথে বাড়ি ফিরে যাওয়া  

বালক, তার মিঠে সুরের মনকেমনিয়া বাঁশিতে 

আমার খুব ইচ্ছে, তোমার চাঁদের আলোয় ভেসে যাই 

একবার সেরে উঠি সূর্যাস্ত স্নান,  কুয়াশার আদর 

অথচ, কাঁটাতারের ওপারে তোমার দেশ, তৌহিদ, 

                      আর কাঁটাতারের এপারে আমার

0 comments: